শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

পাবনায় মুখোশধারীদের গুলিতে নিহত হলেন ২ জন

পাবনায় মুখোশধারীদের গুলিতে নিহত হলেন হাটের ইজারাদার ও তার সহযোগী।

পাবনায় মুখোশধারীদের গুলিতে নিহত হলেন ২ জন

পাবনার আতাইকুলায় পুষ্পপাড়া বাজারে মুখোশধারীদের গুলিতে নিহত হয়েছেন হাটের ইজারাদার আব্দুস সালাম হাজী (৫৫) ও তার সহযোগী রিপন হোসেন (৫০)। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে। পুলিশ জানিয়েছে, হাটের ইজারা নিয়ে বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে।

পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ এই তথ্য নিশ্চিত করে জানান, নিহত দুজনের বাড়ি আতাইকুলা থানার ধর্মগ্রামে। আব্দুস সালাম হাজী পুষ্পপাড়া হাটের বর্তমান ইজারাদার ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পুষ্পপাড়া হাটের ইজারা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। ঘটনার সময় আব্দুস সালাম হাজী তার সহযোগীদের নিয়ে হাটের অফিসকক্ষে বসেছিলেন। এ সময় মুখোশ পরা কয়েকজন ব্যক্তি সেখানে এসে তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে পালিয়ে যায়।

স্থানীয়রা গুলিবিদ্ধ সালাম হাজী ও রিপন হোসেনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

পুলিশ সুপার আবু আশ্রাফ আরও জানান, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে এবং এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

বিজ্ঞাপন