পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত এলাকায় একটি টয়লেটের ট্যাংক থেকে এক স্কুলশিক্ষিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বাড়ির পাশে টয়লেটের ট্যাংক থেকে গীতা রানী (৪৫) নামের ওই শিক্ষিকার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত গীতা রানী একদন্ত ইউনিয়নের বারইপাড়া গ্রামের নন্দ দাসের স্ত্রী এবং চাচকিয়া ব্র্যাক স্কুলের শিক্ষিকা ছিলেন। আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশের প্রাথমিক ধারণা, গীতা রানীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গীতা রানী বাড়িতে একাই থাকতেন, তার স্বামী ঢাকায় থাকেন। ধারণা করা হচ্ছে, গতকাল রাত ৩টার দিকে দুর্বৃত্তরা সিঁধ কেঁটে ঘরে প্রবেশ করে এবং গীতার সাথে ধস্তাধস্তি হয়।
একপর্যায়ে তাকে শ্বাসরোধে হত্যা করে পরিত্যক্ত টয়লেটের ট্যাংকে ফেলে দেওয়া হয়। আজ সকালে স্থানীয়রা খোঁজাখুঁজির একপর্যায়ে ১১টার দিকে টয়লেটের ট্যাংকে তার মরদেহ দেখতে পান।
ওসি নাজমুল হক জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। হত্যাকাণ্ডের কারণ এবং দোষীদের শনাক্ত করার জন্য তদন্ত চলছে।