পাবনা সাঁথিয়ায় একটি পুকুর থেকে আব্দুল আজিজ (৫৫) নামের এক পেঁয়াজ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আব্দুল আজিজ উপজেলার ক্ষেতপাড়া ইউনিয়নের ডাঙ্গামাছ গ্রামের মৃত সেকেন সরদারের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, আব্দুল আজিজ সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে বাড়ি থেকে বের হয় এবং এরপর সে আর বাড়িতে ফেরেনি। মঙ্গলবার বেলা ১১টার দিকে সাঁথিয়া উপজেলার মিয়াপুর মিনারপাড়া এলাকার জৈনক মানিকের পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। আব্দুল আজিজের পরিবারের সদস্যরা মরদেহটি শনাক্ত করেন। ঘটনার পর জেলা পুলিশ সুপার আবু আশ্রাফ ঘটনাস্থল পরিদর্শন করেন।
সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ ওসি আনিসুর রহমান জানান, হত্যাকাণ্ডের কারণ ও এর পেছনে কারা রয়েছে, তা জানা যায়নি। হত্যার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত করছে।