আশুলিয়া থানায় দুটি হত্যা মামলার আসামি ইদ্রিস আলী (৪০) ভারতে পালিয়ে যাওয়ার সময় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে গ্রেফতার হয়েছেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে আখাউড়া থানার কাছে হস্তান্তর করে।
ইমিগ্রেশন পুলিশের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ মো. শরীফুল ইসলাম জানান, ইদ্রিস আলীর বিরুদ্ধে একাধিক হত্যা মামলার কারণে দেশত্যাগে নিষেধাজ্ঞা ছিল। তিনি মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে তার ছোট বোন ও ভাগিনাকে সঙ্গে নিয়ে ভারতে যাওয়ার জন্য চেকপোস্টে আসেন। কাগজপত্র যাচাইয়ের সময় তার বিরুদ্ধে মামলা থাকার বিষয়টি জানা যায়।
ইদ্রিস আলী আশুলিয়ার জামপাড়া গ্রামের আলী আহম্মদের ছেলে। তার বিরুদ্ধে ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অবৈধ অস্ত্র সংরক্ষণ ও প্রদর্শনের অভিযোগ রয়েছে। এছাড়া রাজনৈতিক প্রভাব খাটিয়ে আধিপত্য বিস্তার ও দুর্নীতির অভিযোগও রয়েছে।
আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ উপ-পরিদর্শক মো. শরীফুল ইসলাম বলেন, ডাটাবেজ যাচাইয়ের পর দেখা যায়, ইদ্রিস আলীর বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। পরে উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে গ্রেফতার করা হয়।