বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

জামালপুরে সড়ক দুর্ঘটনায় কিশোর ওমর সানি নিহত

জামালপুরে সড়ক দুর্ঘটনায় ১৬ বছরের কিশোর ওমর সানি নিহত হয়েছে।

জামালপুরে সড়ক দুর্ঘটনায় কিশোর ওমর সানি নিহত

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১৬ বছর বয়সী কিশোর ওমর সানি নিহত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার হাওয়াই ব্রিজ এলাকায় মোটরসাইকেল ও ব্যাটারিচালিত দুটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষের ফলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওমর সানি গুনারীতলা ইউনিয়নের মোসলেমাবাদ এলাকার সবুজ মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোর সময় তার মোটরসাইকেল দুটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ করে।

ঘটনার পর সানিকে গুরুতর আহত অবস্থায় প্রথমে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, মাত্র দুই মাস আগে প্রেমের সম্পর্কের জেরে ময়মনসিংহে বিয়ে করেছিলেন ওমর সানি। সোমবার দুপুরে স্ত্রীকে সেখানে রেখেই তিনি বাড়িতে ফেরেন এবং কয়েক ঘণ্টার মধ্যে এ দুর্ঘটনায় প্রাণ হারান।

জামালপুর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শামীম ইফতেখার জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই সানির মৃত্যু ঘটে এবং পরে তাকে মৃত ঘোষণা করা হয়।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ নিহতের বাড়িতে পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন