খুলনার শীর্ষ সন্ত্রাসী ‘আরমান বাহিনীর’ প্রধান মো. আরমান হোসেন দিপু ওরফে শুটার আরমানকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-৬-এর উপ-অধিনায়ক মেজর মো. নাজমুল ইসলাম সোমবার খুলনার রূপসায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, রোববার ফরিদপুর জেলার বোয়ালমারী থানা এলাকা থেকে আরমানকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি বিদেশি পিস্তল, দুটি শটগান এবং ১২ রাউন্ড শটগানের গুলি উদ্ধার করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার কারণে আরমান খুলনা ছেড়ে ফরিদপুরের বোয়ালমারীতে আত্মগোপন করেছিলেন।
উন্নত প্রযুক্তির সহায়তায় রোববার দুপুরে তার অবস্থান নিশ্চিত করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
মেজর মো. নাজমুল ইসলাম জানান, আরমান প্রাথমিক জিজ্ঞাসাবাদে গত ১৭ জুন দৌলতপুরের বিদ্যুৎ জামে মসজিদের ভেতরে ফজরের নামাজের পর কোরআন তেলাওয়াতরত অবস্থায় জ্বালানি তেল ব্যবসায়ী আলহাজ লোকমান হাকিম ও অন্য এক মুসল্লিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
আরমানের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।