যশোরের অভয়নগরে একটি নিষিদ্ধ চরমপন্থী দলের সক্রিয় সদস্য বাহারুল মল্লিকের (৫০) গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার রানাগাতী গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, বাহারুলের মরদেহের পাশে পিস্তলের এক রাউন্ড ব্যবহৃত বুলেটের খোসা এবং লাল টেপে মোড়ানো একটি ককটেলসদৃশ বস্তু পাওয়া গেছে। নিহত বাহারুল মল্লিক রানাগাতী গ্রামেরই বাসিন্দা ছিলেন। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি প্রায় ১৫ বছর আগে বাড়ি ছেড়ে চলে যান এবং এরপর থেকে নিষিদ্ধ চরমপন্থী সংগঠনের কার্যক্রমে যুক্ত ছিলেন।
স্থানীয় বাসিন্দারা জানান, সোমবার ভোরে রানাগাতী গ্রামের একটি রাস্তার পাশে বাহারুলকে রক্তাক্ত ও নিথর অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
পুলিশের প্রাথমিক ধারণা, গত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা বা তার প্রতিপক্ষ গ্রুপের লোকজন তাকে গুলি করে হত্যা করে রাস্তার পাশে মরদেহটি ফেলে রেখে চলে গেছে। বাহারুলের শরীরে স্পষ্ট গুলির চিহ্ন পাওয়া গেছে।
মরদেহটি ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন এবং জড়িত চরমপন্থী বা সন্ত্রাসী গোষ্ঠীকে শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের বিশেষ দল কাজ শুরু করেছে।