মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ১

রাজধানীর মিরপুরে ছুরিকাঘাতে যুবক মেহেদী হাসান নিহত, পুলিশ আটক করেছে একজনকে।

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ১

রাজধানীর মিরপুর শাহআলী থানা এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ২৫ বছর বয়সী মেহেদী হাসান নিহত হয়েছেন। এই ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।

ঘটনাটি ঘটে সোমবার রাত সাড়ে ১২টার দিকে শাহআলী মাজারের পাশে কাচ্চি ভাইয়ের দোকানের সামনে। গুরুতর আহত অবস্থায় মেহেদীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়।

নিহতের স্ত্রী রাত্রি বলেন, ‘আমাদের বিয়ে হয়েছে পাঁচ বছর। মেহেদী তিন ভাই এক বোনের মাঝে সবার ছোট। সে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সাইনবোর্ড তৈরির কাজ করতো। রাত সাড়ে বারোটার দিকে পুলিশ জানায়, কে বা কারা আমার স্বামীকে ছুরিকাঘাত করেছে।’

নিহতের বড় ভাই সোহেল হোসেন বলেন, ‘পুলিশ একজনকে আটক করেছে। আমি আমার ভাইয়ের হত্যার সঠিক বিচার চাই।’

শাহআলী থানার উপপরিদর্শক (এসআই) আতোয়ার রহমান জানান, ‘মধ্যরাতে শাহআলী মাজারের পাশে কাচ্চি ভাই দোকানের সামনে ছুরি-চাকুসহ এক ব্যক্তিকে আটক করা হয়। পরে জানা যায়, ওই ব্যক্তি নিকটবর্তী এক যুবককে ছুরিকাঘাত করেছেন।’

তিনি আরও বলেন, ‘মেহেদী হাসানের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ গ্রামে। তিনি বর্তমানে মিরপুর থানাধীন বড়বাগ এলাকায় বসবাস করতেন এবং পেশায় সাইনবোর্ড কারিগর ছিলেন। ঘটনার উদ্দেশ্য ছিনতাই ছিল, নাকি পূর্বশত্রুতার জেরে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে।’

বিজ্ঞাপন