পটুয়াখালীতে পুলিশ কর্তৃক ভুলে গ্রেফতার হওয়া মো. জলিল হাওলাদার নামে এক নির্দোষ মৎস্যজীবী ২০ দিন ধরে কারাগারে আছেন। প্রকৃত আসামি দেশের বাইরে অবস্থান করলেও জলিলকে গ্রেফতার করা হয়েছে একই নামের কারণে।
মহিপুর এলাকায় এই ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ব্যবসায়ী মো. আলমগীর হোসেন ২০২৩ সালে জলিলের বিরুদ্ধে ২ লাখ ৭৩ হাজার ৫১৩ টাকা পাওনা আদায়ের জন্য মামলা করেন। পাওনা পরিশোধের জন্য দেওয়া একটি চেক ২৭ মার্চ ২০২৩ তারিখে প্রত্যাখ্যাত হয়।
গত ১৯ আগস্ট মহিপুর থানার এএসআই মো. শহিদুল শিববাড়িয়া এলাকা থেকে জলিলকে গ্রেফতার করেন। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারে আছেন।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার বলেন, গ্রেফতারি পরোয়ানায় আসামির পরিচয়ে সাধারণত মায়ের নাম উল্লেখ থাকে না, যা এই সমস্যার সৃষ্টি করেছে। তিনি জানান, জলিলের পরিবারের সদস্যরা গ্রেফতারের সময় কিছু বলেননি।
জলিলের আইনজীবী এ্যাডভোকেট মোঃ হুমায়ুন কবির জানান, জামিনের জন্য আবেদন করা হয়েছে, কিন্তু এখনও শুনানি হয়নি।