সাভারে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের উপপরিদর্শক (এসআই) আলতাব হোসেনকে হত্যা করার ঘটনায় ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ও সাভার মডেল থানা-পুলিশ আরও চার আসামিকে গ্রেপ্তার করেছে। এ নিয়ে মোট পাঁচজন আসামি গ্রেপ্তার হলো, যার মধ্যে প্রধান আসামী জহিরুলও রয়েছে।
গতকাল রোববার রাতভর সাভারের আমিনবাজারসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ তাদের গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, আলতাব হোসেনকে হত্যার ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে সাভার মডেল থানায় মামলা দায়ের করেন।
প্রথমেই প্রধান আসামী জহিরুলকে গ্রেপ্তার করা হয়। এরপর গতকাল রাতভর অভিযান চালিয়ে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়। তবে তাদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, "তথ্য যাচাই-বাছাই করে ঘটনার সাথে জড়িত থাকার প্রাথমিক সত্যতা পাওয়ার পরই ওই চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের রিমান্ড আবেদন করে আজ আদালতে পাঠানো হবে।"