সাভারের আশুলিয়ায় একটি বাসা থেকে স্বামী ও গর্ভবতী স্ত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে জামগড়া এলাকায় একটি বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, স্বামী-স্ত্রী পরিচয়ে আলমগীর হোসেন ও নাজমা বেগম নামের এই দম্পতি বাসাটি ভাড়া নেন। তাদের রুমের দরজা-জানালা বেশিরভাগ সময়ই বন্ধ থাকতো। হঠাৎ করে দুর্গন্ধ পেয়ে প্রতিবেশিরা পুলিশে খবর দেয়।
ঘটনাস্থলে গিয়ে পুলিশ ঘরের তালা ভেঙে ভেতরে ঢুকে প্রথমে আলমগীর হোসেনের মরদেহ দেখতে পায়। তার পাশেই ছিল নাজমা বেগমের মরদেহ এবং ভ্রুণ সদৃশ ৫ মাসের একটি শিশুর মৃতদেহ।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এর ফরেনসিক টিম ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ।