রাজধানীর বনানী এলাকায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে উদ্ধার হওয়া মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম ইসমাইল হোসেন (৫০) বলে জানা গেছে।
৪ সেপ্টেম্বর সকাল পৌনে ৯টার দিকে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে ইসমাইলের মরদেহ উদ্ধার করা হয়। পরে আঙুলের ছাপ জাতীয় পরিচয়পত্রের তথ্যভাণ্ডারের সঙ্গে মিলিয়ে তার পরিচয় নিশ্চিত করা হয়। ইসমাইল জামালপুর সদর উপজেলার জালাল উদ্দিনের ছেলে এবং গাজীপুরের কোনাবাড়ী এলাকায় বসবাস করতেন।
মরদেহ উদ্ধারের সময় তার পরনে সিএনজিচালিত অটোরিকশাচালকদের ইউনিফর্মের মতো নীল রঙের শার্ট ও লুঙ্গি ছিল। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, ইসমাইলকে শ্বাসরোধ করে হত্যার পর তার মরদেহ এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর ফেলে দেওয়া হয়ে থাকতে পারে।
হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে বনানী থানা পুলিশ এক্সপ্রেসওয়ের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে। ইতোমধ্যে সন্দেহভাজন কয়েকটি গাড়ি শনাক্ত করা হয়েছে। পুলিশের ধারণা, এসব গাড়ি আটক করা সম্ভব হলে হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে।
এদিকে, নিহতের পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।