রাজধানীর ডেমরার কামারগোপ এলাকায় মাদক সেবন নিয়ে বিরোধের জেরে দেলোয়ার হোসেন (৫০) নামে এক রিকশাচালককে ইট দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দেলোয়ার ব্যাটারিচালিত রিকশা চালাতেন এবং পূর্বপরিচিত রনি (২৫) এর সঙ্গে মাদক সেবন নিয়ে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রনি দেলোয়ারের মাথায় ইট দিয়ে আঘাত করেন, যার ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পর স্থানীয়রা রনিকে ধরে গণধোলাই দেয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রনিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে রনি পুলিশ হেফাজতে চিকিৎসাধীন এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) শীতল কুমার জানান, নিহত দেলোয়ারের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।