রাজধানীর ওয়ারীতে বিশেষায়িত ল্যাব স্থাপন করে অপ্রচলিত সিনথেটিক মাদক ‘কুশ’ চাষের ঘটনায় আমেরিকান নাগরিক তৌসিফ হাসান (২২) গ্রেফতার হয়েছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি) রোববার (১ নভেম্বর) সকাল ৮টা ৩০ মিনিট থেকে ৯টার মধ্যে ঢাকার ওয়ারী থানাধীন র্যাংকিন স্ট্রিটে তার বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
তৌসিফের গ্রেফতারের পেছনে গত জানুয়ারিতে আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যুক্তরাষ্ট্রে ইয়াবা পাচারের চেষ্টা একটি গুরুত্বপূর্ণ সূত্র হিসেবে কাজ করেছে। ওই সময় ডিএনসির অনুসন্ধানের ভিত্তিতে তার বাসায় অভিযান পরিচালনা করা হয়, যেখানে আইনশৃঙ্খলা বাহিনী কুশ চাষের জন্য বিশেষভাবে তৈরি একটি ল্যাবের সন্ধান পায়।
ল্যাব থেকে উদ্ধার করা হয় ক্যালিফোর্নিয়া থেকে আনা কুশের বীজ, চাষ করা কুশ গাছ, সদ্য সংগৃহীত কুশ, চাষের বিভিন্ন উপকরণ, সিসা সেবনের সরঞ্জাম ও বিদেশি মদ। এছাড়া, বাসার ছাদে টিন ও ফয়েল পেপার দিয়ে তৈরি তাপমাত্রা নিয়ন্ত্রিত বিশেষ কক্ষে একাধিক টবে কুশ চাষের প্রমাণ পাওয়া যায়।
তদন্তে জানা যায়, তৌসিফ যুক্তরাষ্ট্রে অবস্থানকালে কুশ চাষের কৌশল রপ্ত করেন এবং দেশে ফিরে এসে নিজ বাসায় ল্যাব স্থাপন করেন। তিনি দূরনিয়ন্ত্রিত প্রযুক্তির মাধ্যমে ল্যাবের কার্যক্রম পর্যবেক্ষণ করতেন। তার বান্ধবীও এই কাজে সহযোগিতা করতেন।
এই সময়ে বান্ধবীর মাধ্যমে ভুয়া পরিচয় ব্যবহার করে ৩২ পিস ইয়াবা যুক্তরাষ্ট্রে পাঠানোর চেষ্টা করা হলে ডিএনসির অভিযানে তা উদ্ধার হয়। ওই ঘটনায় সংশ্লিষ্ট বান্ধবী ও তৌসিফের বাসার তত্ত্বাবধায়ককে গ্রেফতার করা হয়েছিল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তৌসিফ বিভিন্ন মাদক ব্যবসায়ীর কাছে ইয়াবা ও কুশ সরবরাহের সঙ্গে জড়িত থাকার তথ্য দিয়েছেন। তার মাদক সংশ্লিষ্টতার অন্যান্য দিক এবং মাদক সংগ্রহ ও সরবরাহের উৎস সম্পর্কে বিস্তারিত অনুসন্ধান অব্যাহত রয়েছে।
গ্রেফতারকৃত তৌসিফ হাসানের বিরুদ্ধে ইয়াবা ও গাঁজা নিজ হেফাজতে সংরক্ষণের অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এছাড়া, পূর্ববর্তী কুশ ল্যাবের মামলায়ও তাকে গ্রেফতার দেখানো হয়েছে এবং রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।