রাজধানীতে তিনটি পৃথক অভিযানে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ ৭ জনকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে ১৭শ' বোতল স্কাফ সিরাপ, ২ হাজার পিস ইয়াবা এবং তিনটি বিদেশি বন্দুক উদ্ধার করা হয়।
মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় রাজধানীর মিরপুর, উত্তরা ও ওয়ারি এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক ও অস্ত্র উদ্ধার করে গোয়েন্দা পুলিশ।
ডিএমপি মিডিয়া সেন্টারে সোমবার (১৩ জুলাই) বিকেলে আয়োজিত এক ব্রিফিংয়ে ডিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসানো হয়। মিরপুরের দারুস সালাম এলাকায় একটি প্রাইভেটকার থেকে ৫শ' বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয় এবং এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে দুটি বেলজিয়ামের তৈরি একনলা বন্দুক ও একটি বার্মিজ এলজি উদ্ধার করা হয়েছে।
উত্তরায় অন্য একটি অভিযানে একটি প্রাইভেটকার ও পিকআপ থেকে ১২শ' বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। এছাড়া, ওয়ারী থেকে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং ৫ জনকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক তদন্তে পুলিশ জানায়, চাঁপাইনবাবগঞ্জ ও শেরপুর সীমান্ত দিয়ে এসব মাদক ঢাকায় প্রবেশ করে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।