গাইবান্ধার পলাশবাড়ীর হরিদাস চন্দ্র তরনীদাসকে মানি লন্ডারিং মামলায় গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার সকালে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ারে আলম খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে মধ্যরামচন্দ্রপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বাংলাদেশ পুলিশের সিআইডি ঢাকার বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, হরিদাস চন্দ্র তরনীদাসের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে মামলা করেছে ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট। বিজ্ঞপ্তিতে বলা হয়, তিনি গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার মধ্যরামচন্দ্রপুর গ্রামের গোপীনাথ তরনীদাসের ছেলে।
হরিদাস চন্দ্র ২০০৬ সালে হাসবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০০৮ সালে ঢাকা ক্যাম্ব্রিয়ান কলেজ থেকে এইচএসসি পাস করেন। ২০১০ সালে অবৈধভাবে ভারতে গিয়ে শিক্ষা ও প্রশিক্ষণ গ্রহণের পর দেশে ফেরেন। ২০১৯ সালে ইসলাম ধর্ম গ্রহণ করে তৌহিদ ইসলাম নাম ধারণ করেন।
তিনি বিভিন্ন সময়ে নিজেকে তৎকালীন প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার পরিচয় দিতেন এবং প্রধানমন্ত্রীর সঙ্গে এডিট করা ছবি প্রদর্শন করতেন। তার বিরুদ্ধে সরকারি চাকরি, বদলি, হুন্ডি ও সংঘবদ্ধ অপরাধের বিষয়ে অভিযোগ থাকায় সিআইডি প্রাথমিক অনুসন্ধান শুরু করে।
তদন্তে জানা যায়, তার বৈধ কোনো আয়ের উৎস না থাকা স্বত্বেও বিভিন্ন ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে ৯.৩৫ কোটি টাকা জমা হয়েছে এবং প্রায় সমপরিমাণ টাকা উত্তোলন করেছেন, যা সন্দেহজনক। তার ব্যাংক হিসাবগুলোতে দেশের বিভিন্ন স্থান থেকে বিপুল পরিমাণ অর্থ জমা হয়েছে, যা তার পেশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
অভিযোগের প্রেক্ষিতে ঢাকার বনানী থানায় একটি মামলা রুজু করা হয়েছে। মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ (সংশোধনী-২০১৫) এর ৪(২) ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে তদন্ত কার্যক্রম অব্যাহত আছে।