বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির হত্যামামলায় সিসিটিভি ফুটেজে দেখা তরুণীকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
শনিবার রাতে নৌ পুলিশ তরুণীকে গ্রেপ্তার করে। পরবর্তী সময়ে তাকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেনের আদালতে হাজির করা হয়।
অভিযুক্ত তরুণীর রিমান্ডের জন্য নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন সাত দিনের রিমান্ডের আবেদন করেন। আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, ২৭ অক্টোবর রাত ১০টা ১৭ মিনিটে তাহসিফ উত্তরার একটি বারে এক তরুণীর সঙ্গে প্রবেশ করেন। কিছুক্ষণ পর তাহসিফের বন্ধু দীপও সেখানে আসেন। এরপর তিনজনকে একসঙ্গে লিফটে উঠতে দেখা যায়।
অন্য একটি ফুটেজে রাত ১১টা ৫১ মিনিটে তারা রেস্টুরেন্ট থেকে বের হয়ে যেতে দেখা যায়।