নরসিংদীর শিবপুরে ছেলের ছুরিকাঘাতে বাবা আব্দুল বাছেদ মিয়া (৬৫) নিহত হয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে ভারতের কান্দি পূর্বপাড়া গ্রামে এই হত্যার ঘটনা ঘটে। নিহত আব্দুল বাছেদ ভরতেরকান্দি গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে।
ঘটনার পর অভিযুক্ত ছেলে শাকিল চৌধুরী (৩৫) পালিয়ে যায়। শাকিল পেশায় রাজমিস্ত্রীর শ্রমিক। পরিবারের সদস্যরা জানিয়েছেন, ছেলের সাথে বাবার মধ্যে কোনো পারিবারিক বিরোধ ছিল না। বৃহস্পতিবার রাতে পিতাপুত্র একই কক্ষে ঘুমিয়ে ছিলেন।
শুক্রবার ভোরে চিৎকার শুনে পাশের কক্ষে থাকা স্ত্রী সখিনা বেগমসহ পরিবারের সদস্যরা ওই কক্ষে গিয়ে দেখতে পান ছেলে শাকিল তার পিতাকে পেটে ছুরিকাঘাত করেছে। বাধা দিতে গেলে মা সখিনা বেগম ও অপর ভাই নুরুন্নবী রাশেদকেও কুপিয়ে আহত করে পালিয়ে যায় শাকিল।
এ ঘটনায় পিতা আব্দুল বাছেদ ঘটনাস্থলেই মারা যান। হত্যার খবর পেয়ে শিবপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পুলিশ জানিয়েছে, হত্যার কারণ জানা ও জড়িত ছেলেকে আটকের চেষ্টা চলছে।