বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

ময়মনসিংহে সেলুন ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

ময়মনসিংহের ভালুকায় সেলুন ব্যবসায়ী রবেন্দ্র ঋষিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

ময়মনসিংহে সেলুন ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

ময়মনসিংহের ভালুকায় রবেন্দ্র ঋষি (৪৩) নামে এক সেলুন ব্যবসায়ীকে হত্যার অভিযোগ উঠেছে সাদ্দাম হোসেন নামে এক যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার জামিরদিয়া এলাকার নোমান কম্পোজিট মুক্তিযোদ্ধা মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত রবেন্দ্র ঋষি ধোবাউড়া উপজেলার উত্তরপাড়া এলাকার রঞ্জিত ঋষির ছেলে। তিনি ভালুকার জামিরদিয়া তরিফ মুন্সী মোড় এলাকার কাশেমের বাড়িতে ভাড়া থেকে সেলুনের ব্যবসা করতেন। অভিযুক্ত সাদ্দাম হোসেন একই এলাকার বাবুল মিয়ার ছেলে।

নিহতের স্ত্রী সূচিত্রা জানান, সাদ্দাম প্রায়ই তার স্বামীর কাছ থেকে নেশার জন্য টাকা নিতেন এবং সেলুনে চুল কাটিয়ে টাকা পরিশোধ করতেন না। কিছুদিন ধরে টাকা না দেওয়া এবং চুল কাটতে না দেওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধ চলছিল। তিনি অভিযোগ করেন, সাদ্দাম এর আগেও তার স্বামীকে হত্যার হুমকি দিয়েছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সেলুনে ঢুকে সাদ্দাম রবেন্দ্রকে ছুরিকাঘাত করেন। প্রাণ বাঁচাতে রবেন্দ্র সেখান থেকে দৌড়ে সাদ্দামের বাবার দোকানে আশ্রয় নেন। কিন্তু সেখানে তাকে আবারও ছুরিকাঘাত করা হয়। পরে তিনি পাশের একটি বাড়িতে আশ্রয় নেওয়ার চেষ্টা করলে বাড়ির উঠানে তাকে ফেলে আবারও ছুরিকাঘাত করা হয়, যা তার মৃত্যু ঘটায়।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম বলেন, 'ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করা হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।'

বিজ্ঞাপন