খুলনায় ১৪ ঘণ্টার ব্যবধানে আবারও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নগরীর জিন্নাহপাড়া এলাকায় খুশি বেগম নামে এক নারীকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে বউবাজারের সাত নম্বর গলিতে এ ঘটনা ঘটে।
নিহত খুশি বেগমের স্বামী সুমন সরদার এলাকায় ‘ব্লেড বাবু’ নামে পরিচিত। তার পরিবারের বিরুদ্ধেও মাদকসংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। পুলিশ জানায়, মাদকসংক্রান্ত বিরোধের জেরে জিন্নাহপাড়া সড়কের বউবাজার এলাকায় খুশি বেগমের ওপর হামলা চালানো হয়।
হামলার সময় তাকে গুলি ও কুপিয়ে জখম করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এর আগে, আজ ভোরে নগরীর মিস্ত্রিপাড়া এলাকায় তুষার নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ নিয়ে খুলনায় ১৪ ঘণ্টার ব্যবধানে দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটল।