শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

মাগুরায় যুবদল নেতাকে হত্যার ঘটনায় দুইজন গ্রেপ্তার

মাগুরায় যুবদল নেতা সাকের হোসেনকে হত্যার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মাগুরায় যুবদল নেতাকে হত্যার ঘটনায় দুইজন গ্রেপ্তার

মাগুরায় বাস টার্মিনালে যুবদল নেতা সাকের হোসেনকে গুলি করে হত্যার ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার তাদের আদালতে পাঠানো হয় এবং পরে জেলহাজতে রাখা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন রনি শিকদার ও শামীমা ইয়াসমিন। রনি মাগুরা পৌরসভার তাঁতীপাড়া এলাকার বিরেন্দ্রনাথ শিকদারের ছেলে এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য। অন্যদিকে, শামীমা তাবাসসুম মাগুরা সদর উপজেলার চাউলিয়া ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের মৃত লুৎফর রহমানের মেয়ে।

নিহত সাকের হোসেন মাগুরা পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে বাস টার্মিনালে রয়েল এক্সপ্রেসের কাউন্টার মাস্টার হিসেবে কাজ করছিলেন। গত বুধবার ভোর সাড়ে ৫টার দিকে কাউন্টারের ভেতরে গুলিবিদ্ধ হন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি কাউন্টারে ঢুকে সাকেরের মাথায় গুলি করেন এবং দ্রুত পালিয়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তার মৃত্যু হয়।

সাকেরের স্ত্রী শারমিন নাহার বুধবার রাতে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলায় সন্দেহভাজন হিসেবে রনি ও শামীমাকে গ্রেপ্তার করা হয়।

হত্যাকাণ্ডের প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শহরে বিক্ষোভ মিছিল করেন। মধুমিতা সিনেমা হলের সামনে অনুষ্ঠিত সমাবেশে হত্যাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানানো হয়।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. কামরুজ্জামান জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের রিমান্ড চাওয়া হবে।

বিজ্ঞাপন