মাগুরায় স্বর্ণ ডাকাতির ভাগ-বাটোয়ারা নিয়ে দ্বন্দ্বের জেরে যুবদল নেতা শাকের হোসেনকে খুন করা হয়েছে। গত ২৭ অক্টোবর ভোরে ভাড়াটিয়া খুনি দিয়ে গুলি করে তাকে হত্যা করা হয়।
আজ বুধবার দুপুরে মাগুরা পুলিশ লাইন্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন এসব তথ্য জানান। তিনি বলেন, গত ৬ অক্টোবর মাগুরা সদরের রামনগর এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসে ডাকাতি হয়। ডাকাতদল নিজেদের পুলিশ পরিচয় দিয়ে ১৫০ ভরি স্বর্ণ লুট করে।
ডাকাতিতে অংশ নেয় মাগুরা পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মারুফ ও পৌর যুবদলের যুগ্ম সম্পাদক শাকেরসহ ১২ থেকে ১৫ জনের একটি দল। এই লুট করা স্বর্ণের ভাগবাটোয়ারা নিয়ে অন্যদের সঙ্গে শাকেরের দ্বন্দ্ব সৃষ্টি হয়।
পুলিশ সুপার জানান, ২৭ অক্টোবর ভোরে এই দ্বন্দ্বের জেরে শাকেরকে হত্যার জন্য ভাড়াটিয়া খুনি ব্যবহার করা হয়। এ ঘটনায় মাগুরা থানায় ডাকাতি ও হত্যা মামলা দায়ের হলে তদন্ত শুরু হয়।
তদন্ত চলাকালে এখন পর্যন্ত ২টি মামলায় মোট ১১ জনকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে ৬১ ভরি ৬ আনা স্বর্ণ। হত্যাকারীসহ বাকি জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানান মাগুরা জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন।