বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

কুমিল্লায় ইলিশ মাছের পিকআপ ডাকাতির ঘটনায় ডাকাত সর্দার গ্রেফতার

কুমিল্লায় ইলিশ মাছের পিকআপ ডাকাতির ঘটনায় ডাকাত সর্দার ইদ্রিস মিয়াকে গ্রেফতার করা হয়েছে।

কুমিল্লায় ইলিশ মাছের পিকআপ ডাকাতির ঘটনায় ডাকাত সর্দার গ্রেফতার

কুমিল্লার মুরাদনগরে প্রায় সাড়ে ৯ লাখ টাকা মূল্যের ইলিশ মাছবোঝাই পিকআপ ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের সর্দার ইদ্রিস মিয়াকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১১ (এসআরবি)। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতির ১৯টি মামলা রয়েছে।

৩ নভেম্বর রাত ১১টার দিকে ঢাকার শনির আখড়া এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসআরবি জানায়, গত ২ সেপ্টেম্বর রাতে মুরাদনগরের নেয়ামতপুর এলাকায় ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল মাছ ব্যবসায়ী বেল্লাল হোসেনের ইলিশ মাছবোঝাই পিকআপের গতিরোধ করে।

এ সময় ডাকাতরা ব্যবসায়ী, চালক ও সহযোগীকে মারধর করে হাত-পা ও মুখ বেঁধে সড়কের পাশে ফেলে রেখে প্রায় ৯ লাখ ৫০ হাজার টাকার ইলিশ মাছসহ পিকআপ এবং নগদ ৭১ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

ভুক্তভোগী মাছ ব্যবসায়ী এই ঘটনায় মুরাদনগর থানায় মামলা করেন। এসআরবির দাবি, ইদ্রিস মিয়া আন্তজেলা ডাকাত দলের সর্দার হিসেবে পরিচিত এবং প্রবাসী ও ব্যবসায়ীদের লক্ষ্য করে বিভিন্ন এলাকায় ডাকাতি করতেন।

ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে মুরাদনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন