বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

লক্ষ্মীপুরে যুবদলকর্মী খোরশেদ আলম হত্যায় ২ জন আটক

লক্ষ্মীপুরে যুবদলকর্মী খোরশেদ আলমকে হত্যার ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে।

লক্ষ্মীপুরে যুবদলকর্মী খোরশেদ আলম হত্যায় ২ জন আটক

লক্ষ্মীপুরে যুবদলকর্মী ও মাটি ব্যবসায়ী খোরশেদ আলমকে গুলি করে হত্যার ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে। বুধবার রাতে সদর উপজেলার পার্বতীনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন ইব্রাহিম ছুট্টু ও মাসুদ রানা।

ইব্রাহিম ছুট্টু সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের দিলশাদপুর গ্রামের মৃত সৈয়দ আহম্মদ ভূঁইয়ার ছেলে এবং মাসুদ রানা বাঙ্গাখাঁ ইউনিয়নের রাধাপুর গ্রামের তোফায়েল আহমেদের ছেলে। এ তথ্য নিশ্চিত করেছেন লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খোরশেদ আলমের সঙ্গে মাটির ব্যবসা নিয়ে মজিদ হোসেনের গ্রুপের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বুধবার দুপুরে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে দিলশাদপুর খাঁনের বাড়ির পাশে একাধিক গুলি করা হয়, যা তার মৃত্যু ঘটায়।

স্থানীয়দের অভিযোগ, খোরশেদ আলম বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক কারণে একাধিক মামলায় কারাভোগ করেছেন। ৫ আগস্টের পর জামিনে মুক্ত হয়ে তিনি এলাকায় মাটির ব্যবসা শুরু করেন।

এদিকে, পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। বৃহস্পতিবার সকালে ময়নাতদন্ত শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

পুলিশ কর্মকর্তা হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, খোরশেদকে গুলি করে হত্যার ঘটনায় ওয়ালিদের নেতৃত্বে আরও পাঁচ-ছয়জন সংঘবদ্ধ হয়ে গুলি চালিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় এখনও মামলা হয়নি এবং হত্যার সাথে জড়িতদের আটকে অভিযান চলছে।

বিজ্ঞাপন