বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

রাজনীতি ও অর্থনীতি পুনর্গঠনে কাজ করছেন প্রধানমন্ত্রী: রুহুল কুদ্দুস তালুকদার দুলু

রাজপথে থাকার আহ্বান জানালেন বিএনপির নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

রাজনীতি ও অর্থনীতি পুনর্গঠনে কাজ করছেন প্রধানমন্ত্রী: রুহুল কুদ্দুস তালুকদার দুলু

দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দিতে যুবদলকে রাজপথে থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, "আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে গণতন্ত্র রক্ষায় বহু মানুষ শহীদ হয়েছেন। তাদের আত্মত্যাগের মধ্য দিয়েই তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন।"

মঙ্গলবার (২৭ অক্টোবর) নাটোরের ভবানীগঞ্জ মোড়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন দুলু। তিনি উল্লেখ করেন, "বর্তমানে দেশবিরোধী চক্রান্ত চলছে। এসব ষড়যন্ত্র মোকাবিলায় যুবদলকে রাজপথে থেকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।"

দুলু আরও বলেন, "যারা বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করেছে এবং দেশের মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করেছে, সেই ষড়যন্ত্রকারীরা এখন প্রতিবেশী রাষ্ট্র থেকে নতুন করে আস্ফালন করছে।" তিনি সকলকে সম্মিলিতভাবে দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবিলায় এগিয়ে আসার আহ্বান জানান।

জনসভায় জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাবসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন