মাগুরা কেন্দ্রীয় বাস টার্মিনালে পৌর যুবদল নেতা সাকের হোসেনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সকালে কাউন্টারে অচেতন অবস্থায় পাওয়া গেলে তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালে নেওয়ার আগে বাস কাউন্টারের টেবিলের ওপর ও নিচে রক্ত পড়ে ছিল। প্রথমে স্বাভাবিক মৃত্যু বলে জানানো হলেও পরে ময়নাতদন্তের সময় তার মাথা থেকে গুলি বের করা হয়।
স্থানীয়রা জানান, ভোররাতে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা সাকেরকে গুলি করে পালিয়ে যায়। এ ঘটনার প্রতিবাদে স্বজন ও এলাকাবাসী মাগুরা-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
মাগুরা পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাকের হোসেন রয়েল এক্সপ্রেস বাসের কাউন্টার মাস্টার হিসেবে কর্মরত ছিলেন। সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে এটিকে টার্গেট কিলিং বলে দাবি করেন।
তিনি বলেন, হত্যার পেছনে বড় কোনো চক্র জড়িত থাকতে পারে। পুলিশ প্রশাসনকে দ্রুত হত্যাকারীদের শনাক্তের আহ্বান জানান তিনি।
পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, সাকেরের মাথা থেকে গুলি পাওয়া গেছে এবং সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে। আসামিদের দ্রুত আটক করতে কাজ চলছে।