শেরপুরের শ্রীবরদীতে কুড়িকাহনিয়া কুটেমনি ব্রিজের নিচ থেকে একটি ড্রামের ভেতর থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নিহত নারীর পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। প্রযুক্তির সহায়তায় তাঁর পরিচয় জানার চেষ্টা চলছে। স্থানীয়দের ধারণা, কেউ তাঁকে হত্যা করে মরদেহ ফেলে গেছে।
কূড়িকাহনীয়া ইউনিয়নের চেয়ারম্যান ফিরোজ খান নূন বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান, সকালে ড্রামটি খালের পানিতে পড়ে থাকতে দেখে তাদের সন্দেহ হয়। পরে গ্রাম পুলিশকে খবর দেওয়া হয়।
গ্রামপুলিশ ড্রামের ভেতরে নারীর মরদেহ দেখতে পেয়ে শ্রীবরদী থানার পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারের কার্যক্রম শুরু করে।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেছেন, খবর পাওয়ার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ শনাক্তের চেষ্টা চলছে এবং ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।