নড়াইলের লোহাগড়ায় মাদক কেনার টাকা না পেয়ে বাবাকে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বয়রা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আফসার শেখ (৬০) পেশায় কৃষক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত ছেলে খায়রুল শেখ (২৪) মাদকাসক্ত ছিলেন এবং নেশার টাকার জন্য প্রায়ই বাবা-মায়ের সঙ্গে ঝগড়া করতেন। টাকা না পেলে বাড়ির বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করতেন।
আজ দুপুরে বাবার সঙ্গে কথাকাটাকাটির একপর্যায়ে খায়রুল বাবার মাথা, পেট ও বুকসহ শরীরের বিভিন্ন স্থানে বটি দিয়ে আঘাত করেন। এতে গুরুতর আহত হয়ে আফসার শেখ ঘটনাস্থলেই মারা যান।
ঘটনার সময় খায়রুলের মা ও স্ত্রী বাড়িতে উপস্থিত ছিলেন। হত্যাকাণ্ডের পর অভিযুক্ত খায়রুল পালিয়ে যান।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পলাতক খায়রুল শেখকে আটকের চেষ্টা চলছে।