পাবনার আটঘরিয়া উপজেলার একদন্তে বিএনপি নেতা আদম আলীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আদম আলী শাটগাছা গ্রামের বাসিন্দা এবং একদন্ত ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, আদম আলী ‘তামা’ হত্যা ও ধর্ষণ মামলার প্রধান আসামি ছিলেন। সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে একদন্ত হাট থেকে বাজার করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তিনি। চণ্ডীপাশা এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তার মোটরসাইকেলের গতিরোধ করে।
এ সময় তাকে লক্ষ্য করে প্রথমে গুলি করা হয়। পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হত্যাকাণ্ডের পর দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।
স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহত আদম আলী ষাটগাছা গ্রামের আলহাজ নুরুল ইসলামের ছেলে।
হত্যার কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ এ ঘটনায় তদন্ত শুরু করেছে।