বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, হত্যার রাজনীতি ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করতে হবে। তিনি আজ ঢাকা কলেজের ১৮৬ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
রিজভী বলেন, হঠাৎ করেই হত্যার রাজনীতি শুরু হয়েছে। সম্প্রতি ফরিদপুরের ভাঙ্গায় কৃষক দলের নেতা রাজু মোল্লাকে হত্যা করা হয়েছে এবং নড়াইলেও দুজনকে হত্যা করা হয়েছে। তাদের একজন যুবদলের ও অন্যজন কৃষক দলের নেতা।
তিনি আরও উল্লেখ করেন, দেশে একটি ‘পঞ্চম বাহিনী’ তৈরি হয়েছে। এই বাহিনী অন্য দেশ থেকে মদদ, অস্ত্র ও গোলাবারুদ নিয়ে দেশের জনগণের ওপর ঝাঁপিয়ে পড়ছে। যারা গাড়িতে আগুন দিচ্ছে এবং মানুষ হত্যা করছে, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
রিজভী বলেন, দেশের মানুষ অতীতের মতো পরিস্থিতির পুনরাবৃত্তি চায় না। তারা একটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চায়, যেখানে মতপ্রকাশের স্বাধীনতা থাকবে। শিক্ষাপ্রতিষ্ঠানে ভিন্নমতের শিক্ষার্থীদের সহাবস্থান নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, অতীতে শিক্ষাপ্রতিষ্ঠানে সহাবস্থানের পরিবেশ নষ্ট করা হয়েছিল এবং পাঠ্যসূচিতে একটি দল ও তার নেতার অবদানকে প্রাধান্য দিয়ে ইতিহাস তুলে ধরা হয়েছে। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা ও আত্মত্যাগও অবমূল্যায়িত হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
রিজভী বলেন, সত্যকে আড়াল করা যায় না এবং পাঠ্যপুস্তকে প্রকৃত ও নিরপেক্ষ ইতিহাস তুলে ধরতে হবে। তিনি ঢাকা কলেজের গৌরবময় ঐতিহ্যের কথা তুলে ধরে বলেন, ঊনবিংশ শতাব্দীতে অবিভক্ত বাংলার সরকারি কলেজগুলোর মধ্যে ঢাকা কলেজ অন্যতম।
তিনি জানান, একসময় ম্যাট্রিক (এসএসসি) পাস করে ঢাকা কলেজে ভর্তির স্বপ্ন দেখেছিলেন, তবে রাজশাহী কলেজে ভর্তি হয়েছিলেন। আজ ঢাকা কলেজের ১৮৬ বছর পূর্তির অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে তার সেই স্বপ্ন অন্যভাবে পূরণ হয়েছে।
রিজভী ঢাকা কলেজসহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সত্যিকার অর্থে জ্ঞানচর্চা, সত্যের চর্চা ও গবেষণার পরিবেশ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।