চট্টগ্রামের আদালত সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে ১৫ বছরের কারাদণ্ড ও ৫০ কোটি টাকা জরিমানা করেছেন। এই রায়টি বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিভাগীয় স্পেশাল জজ আদালতে ঘোষণা করা হয়।
মামলার অভিযোগে জানা যায়, জাবেদ তার পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠান আরামিট গ্রুপের প্রটোকল অফিসার মোহাম্মদ ফরমান উল্লাহ চৌধুরীকে নামসর্বস্ব প্রতিষ্ঠান ভিশন ট্রেডিংয়ের মালিক হিসেবে দেখিয়ে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ২৫ কোটি টাকার ঋণ অনুমোদন নেন।
এই অর্থ জাবেদ তার কর্মচারীদের মাধ্যমে উত্তোলন করে হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করেন এবং বিদেশে সম্পদ কেনার কাজে ব্যবহার করেন বলে অভিযোগ রয়েছে।
মামলার বিচারকালে ৫৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। আদালত মামলাটির ৩৬ আসামির মধ্যে ১৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেছে।
এদের মধ্যে সাবেক ভূমিমন্ত্রীর স্ত্রী ও ব্যাংকের সাবেক চেয়ারম্যান রুখমিলা জামান এবং ব্যাংকের সাবেক পরিচালক ও কর্মকর্তারাও রয়েছেন। অন্যদিকে, ১৯ জন আসামিকে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের অভাবে খালাস দেওয়া হয়েছে।
মামলার অভিযোগপত্র অনুযায়ী, এই ঘটনা ২০১৯ সালের ১৩ অক্টোবর থেকে ২০২০ সালের ১৩ ফেব্রুয়ারির মধ্যে ঘটে।