২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ-পূর্ব এশিয়ার অ্যাভিয়েশন হাব করার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আজ বৃহস্পতিবার সকালে লালমনিরহাটের অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেন, আগামী ৩ বছরের মধ্যে দেশের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠানো হবে। তিনি বলেন, "বিজ্ঞান ও প্রযুক্তিতে পিছিয়ে থাকার সুযোগ নেই, তাই নিজেদের সেজন্য প্রস্তুত করতে হবে।"
তরুণদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের অগ্রযাত্রায় অবদান রাখতে হবে। তিনি বলেন, "তরুণদের উদ্ভাবন চেষ্টা যেন অর্থাভাবে আটকে না যায়, সেজন্য সরকার ৫০০ কোটি টাকা বরাদ্দ রেখেছে, প্রয়োজনে আরও বাড়ানো হবে।"
এছাড়া, জেলা কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। তারেক রহমানের সফর ঘিরে সীমান্তবর্তী জেলায় উৎসবের আমেজ বিরাজ করছে।