বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

বৃষ্টিতে ভিজতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু, ভাতিজি আহত

বৃষ্টিতে ভিজতে গিয়ে বজ্রপাতে রিয়াজ নামে যুবকের মৃত্যু, ভাতিজি অন্তরা গুরুতর আহত।

বৃষ্টিতে ভিজতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু, ভাতিজি আহত

রাজধানীর হাজারীবাগে বৃষ্টিতে ভিজতে গিয়ে বজ্রপাতে রিয়াজ (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার চার বছরের ভাতিজি অন্তরা গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার বেলা পৌনে ৩টার দিকে হাজারীবাগ থানাধীন ৩০ ফুট এলাকার ৬২/২ বউবাজারের চারতলা বিল্ডিংয়ের ছাদে বজ্রপাতের এই ঘটনা ঘটে। রিয়াজকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বিকেল সাড়ে ৩টায় তাকে মৃত ঘোষণা করেন।

রিয়াজের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার সদর থানার চর রমণী গ্রামে। তিনি বর্তমানে ঢাকার হাজারীবাগের বউবাজার এলাকায় বসবাস করতেন। তার বাবার নাম মো. ইউসুফ।

নিহত রিয়াজের স্বজন সুমন জানান, বিকেলে মুষলধারে বৃষ্টি শুরু হলে রিয়াজ ও তার ছোট্ট ভাতিজি অন্তরা চারতলার ছাদে ভিজতে যায়। তিনি বারবার তাদের ঘরে ফিরে আসার জন্য ডাকলেও তারা বৃষ্টির আনন্দে মেতে ছিল। হঠাৎ করেই বজ্রপাত ঘটে।

সুমন বলেন, বজ্রপাতের পরপরই কান্নার শব্দ ও চিৎকার শুনে ঘর থেকে বের হয়ে দেখেন, দুজনই অচেতন অবস্থায় ছাদে লুটিয়ে পড়ে আছে। রিয়াজকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, গুরুতর আহত অবস্থায় শিশু অন্তরাকে সিকদার মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা গুরুতর এবং তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে জানানো হয়েছে।

বিজ্ঞাপন