পিরোজপুরের মঠবাড়িয়ায় গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আলমগীর হোসেন (৪৮) নামের এক ব্যক্তিকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছে আদালত। সোমবার দুপুরে পিরোজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মেহেদী আল মাসুদ এ রায় দেন।
আদালতের রায়ে আসামির উপর ১০ হাজার টাকা জরিমানাও আরোপ করা হয়েছে, যা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডে পরিণত হবে। আসামি মঠবাড়িয়া উপজেলার কচুবাড়িয়া এলাকার স্থানীয় বাসিন্দা।
মামলা সূত্রে জানা যায়, আসামি আলমগীর হোসেন বিভিন্ন সময় ভিকটিমকে উত্যক্ত করতেন। ২০২০ সালের ১ জানুয়ারি রাতে ভিকটিম একা থাকাকালীন তাকে ধর্ষণের চেষ্টা করেন। ধস্তাধস্তির এক পর্যায়ে ভিকটিম আত্মরক্ষার জন্য ছুরি দিয়ে আসামির লিঙ্গে আঘাত করেন, যার ফলে কিছুটা কেটে যায়।
ভিকটিম ৭ জানুয়ারি ২০২০ তারিখে মঠবাড়িয়া থানায় ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট রহিমা আক্তার হাসি বলেন, ‘আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে এবং রাষ্ট্রপক্ষ রায়ে সন্তোষ প্রকাশ করছে।’