সিলেটের মোগলাবাজার থানার সিলাম এলাকায় একটি মাজার ওয়াকফ এস্টেট, মসজিদ ও দোকানকোঠার নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।
শুক্রবার দুপুরে সিলাম চক বাজার এলাকায় হযরত শাহ তৈয়ব ছয়লানি (রহ.) জামে মসজিদ ও ঈদগাহের সামনে প্রায় ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলে। পুলিশ জানায়, উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
নামাজ পড়তে আসা লোকজনের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা শুরু হয়, যা পরে হাতাহাতি এবং ইটপাটকেল নিক্ষেপের মাধ্যমে সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষের খবর পেয়ে মোগলাবাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে উভয় পক্ষের হামলায় সাত পুলিশ সদস্য আহত হন।
আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য থানা পুলিশ, স্থানীয় নেতৃবৃন্দ ও মুরব্বিদের সম্মিলিত প্রচেষ্টা কার্যকর হয়।
মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং বর্তমানে এলাকায় শান্তি বিরাজ করছে। তিনি বলেন, “ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশের অনুসন্ধান অব্যাহত রয়েছে।”