শনিবার, ২২ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জাতীয়

বিয়ের রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন নববিবাহিত যুবক

বিয়ের রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন কুষ্টিয়ার নববিবাহিত যুবক আহমেদ আনাস বাপ্পি।

বিয়ের রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন নববিবাহিত যুবক

বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে নববধূকে ঘরে তোলার আনন্দের মধ্যেই কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন ২২ বছর বয়সী আহমেদ আনাস বাপ্পি। বৃহস্পতিবার (২০ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের গাছের দিয়াড় স্কুলপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আনাস ওই এলাকার ইউসুফ আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, আনাসের বিয়ে হয়েছিল দুই মাস আগে সাইফুল ইসলামের মেয়ে সাইরা খাতুনের সঙ্গে। বৃহস্পতিবার বিকেলে আনাসের বাড়িতে সাইরাকে আনুষ্ঠানিকভাবে তুলে আনা হয়। শুক্রবার দুপুরে নববধূকে ঘিরে বৌভাতের আয়োজনের পরিকল্পনা ছিল।

বৌভাতের প্রস্তুতির জন্য রাতে বাড়িতে প্যান্ডেল ও আলোকসজ্জার কাজের তদারকি করছিলেন আনাস। একপর্যায়ে প্যান্ডেলের একটি স্ট্যান্ড ফ্যান সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরিবারের সদস্যরা দ্রুত তাকে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আনাসের আকস্মিক মৃত্যুতে বিয়ের আনন্দ মুহূর্তেই শোকের মাতমে পরিণত হয়। নববধূ সাইরা বারবার মূর্ছা যাচ্ছেন এবং স্বজনদের আহাজারিতে পুরো এলাকা ভারী হয়ে উঠেছে। আনাসের বাবা ইউসুফ আলী বলেন, “বিকেলে কত সুন্দর করে বউ নিয়ে ঘরে ফিরল। কত আনন্দ, কত হাসি-খুশি! কিন্তু আমার ছেলেটা আর খেয়ে গেল না।”

হোগলবাড়িয়া ইউনিয়ন পরিষদের সদস্য মিলন হোসেন বলেন, “শুক্রবার বৌভাতের প্রস্তুতি চলছিল। এর আগেই এমন মর্মান্তিক দুর্ঘটনায় পরিবারটি নিঃস্ব হয়ে গেল।” দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজ্ঞাপন