ময়মনসিংহের ভালুকায় মাদক মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি আব্দুল কদ্দুসকে ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশের দুই সদস্য। মঙ্গলবার রাতে উপজেলার রাজৈ ইউনিয়নের সজনগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় ভালুকা মডেল থানা-পুলিশ কদ্দুসকে গ্রেপ্তার করতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কদ্দুসের লোকজন হামলা চালায়। হামলায় পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) রাহিদুল ইসলাম ও কনস্টেবল বাকিরুল আহত হন।
আহত দুই পুলিশ সদস্যকে উদ্ধার করতে অতিরিক্ত পুলিশ সদস্য ঘটনাস্থলে পৌঁছান। রাত ৯টার দিকে তাঁদের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এএসআই রাহিদুল ইসলামের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের দুই সদস্য হামলার শিকার হয়েছেন। তিনি বলেন, খবর পেয়ে অতিরিক্ত পুলিশ পাঠিয়ে তাঁদের উদ্ধার করা হয়। আহত দুজন বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওসি জাহিদুল ইসলাম।