রাজধানীর পল্লবীতে ৮ বছর বয়সী শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার মামলায় সোহেল রানাসহ দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ অনুষ্ঠিত হচ্ছে। আদালতে হাজির করা হয়েছে সোহেল ও তার স্ত্রীকে।
ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল অভিযোগ গঠনের আদেশ দিলে, মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হবে। মামলার বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) আজিজুর রহমান দুলু জানান, মোট ১৫ জনের সাক্ষ্য গ্রহণ করা হতে পারে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী জানিয়েছেন, আগামী ৭ থেকে ৮ কার্যদিবসের মধ্যে মামলার বিচারিক কার্যক্রম শেষ হতে পারে। গত ২৪ মে আদালত অভিযোগপত্র গ্রহণ করে মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য ট্রাইব্যুনালে পাঠায়।
ঘটনার পাঁচ দিনের মাথায় পুলিশ প্রধান অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। গত ১৯ মে পল্লবীর একটি বাসা থেকে রামিসার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। সেদিন পুলিশ ওই ফ্ল্যাট থেকে স্বপ্না খাতুনকে আটক করে। পরে সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা থানার সামনে থেকে আটক করা হয় প্রধান অভিযুক্ত সোহেল রানাকে।
২০ মে সোহেল রানা আদালতে ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন।