বাগেরহাটের রামপালে দুর্বৃত্তের হামলায় সাবেক যুবলীগ নেতা ইখলাস গাজী (৫০) নিহত হয়েছেন। রোববার বেলা ১২টার দিকে রামপাল বাসস্ট্যান্ড এলাকার একটি চায়ের দোকানের সামনে এ হামলা ঘটে।
নিহত ইখলাস গাজী রামপাল উপজেলার সদর ইউনিয়নের যুবলীগের সহ-সভাপতি ছিলেন। তিনি রামপাল উপজেলার পশু হাসপাতাল মোড় এলাকার বাসিন্দা। পুলিশ হত্যাকারীদের শনাক্ত ও আটকের জন্য অভিযান চালাচ্ছে।
প্রত্যক্ষদর্শী দোকানদার হুমায়ুন ও স্থানীয় সূত্রে জানা যায়, বেলা ১১টায় ইখলাস গাজী বাসস্ট্যান্ডের হুমায়ুনের চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় পার্শ্ববর্তী শ্রীফলতলা গ্রামের মাহাবুবুর রহমান শিকদার ওরফে মাইঝে শিকদার প্রথমে গালাগাল করতে থাকে।
এক পর্যায়ে মাহাবুবুর রহমান ইখলাসের ওপর অতর্কিত হামলা চালিয়ে কিল, চড় ও ঘুষি মারেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা ইখলাসকে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রামপাল থানার ওসি (তদন্ত) সুব্রত বিশ্বাস বলেন, ‘ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। নিহত ইখলাস গাজীর মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।’