নেত্রকোণায় বাসের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশায় থাকা দুই নারী যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
আজ রোববার সকাল সাড়ে ১১টার দিকে নেত্রকোণা-ময়মনসিংহ সড়কের সদর উপজেলার চল্লিশা বাইপাস এলাকায় দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, হতাহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাতে তিনি জানান, নেত্রকোণা শহরের পারলা বাসস্ট্যান্ড থেকে একটি যাত্রীবাহী বাস ছেড়ে যায়।
বাসটি সদরের চল্লিশা বাইপাস এলাকায় পৌঁছানোর পর বিপরীত দিক থেকে আসা যাত্রীবোঝাই ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই নারী নিহত হন এবং আহত হন তিনজন।
স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে নেত্রকোণা সদর হাসপাতালে পাঠান। সেখানে একজনের অবস্থার অবনতি হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে, জানান ওসি আল মামুন।