রবিবার, ৩১ মে, ২০২৬
ব্রেকিং
অপরাধ

পিরোজপুরে পৃথক স্থানে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার

পিরোজপুরের মঠবাড়িয়া থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার, এলাকায় আতঙ্কের সৃষ্টি।

পিরোজপুরে পৃথক স্থানে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের পৃথক স্থান থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েছেন।

আজ রোববার সকালে দুইটি পৃথক স্থান থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মঠবাড়িয়া সার্কেল পার্থ চক্রবর্তী। নিহতদের মধ্যে একজন হলেন আব্দুর রশিদ (৫৫) এবং অপরজন মো. কালু মিয়ার ছেলে সাগর (৫০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুর রশিদকে গতকাল রাত ১১টার দিকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়। পরে ভোরে নেহালিয়া মাদরাসার পাশের মক্তবখানা এলাকায় তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান এবং আইনশৃঙ্খলা বাহিনীকে জানান।

অন্যদিকে, সাগরের মৃত্যুর ঘটনাও একই এলাকায় ঘটেছে। তিনি এক সন্তানের জনক ছিলেন। জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আব্দুর রশিদের স্ত্রী তাহমিনা বলেন, ‘রাতে তাকে একজন এসে ডেকে নিয়ে যায়। এরপর আমরা তাকে আর পাইনি। ভোরে শুনলাম তার লাশ পাওয়া গেছে। কীভাবে তার মৃত্যু হলো জানি না। আমরা সুষ্ঠু তদন্ত চাই।’

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার পার্থ চক্রবর্তী জানান, ‘দুটি মরদেহ পাওয়া গেছে, তবে গায়ে কোনো আঘাতের চিহ্ন নেই। সিআইডি টিমকে খবর দেওয়া হয়েছে। তারা এসে বিষয়টি পর্যবেক্ষণ করবে এবং মরদেহ ময়নাতদন্তে পাঠানো হবে।’

বিজ্ঞাপন