নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এক যুবককে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাতে শরীফপুর ইউনিয়নের পাকমুন্সিরহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম জোবায়ের হোসেন রাকিব (২৩), তিনি ওই ইউনিয়নের খানপুর গ্রামের সৌদি প্রবাসী মো. হানিফের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাকিব ঢাকাসহ নোয়াখালীর বিভিন্ন শপিংমলে চাকরি করতেন। ৩-৪ দিন আগে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাকিবের চাচাতো ভাইয়ের ছেলের সঙ্গে স্থানীয় এক দোকানদারের কথা-কাটাকাটি হয়। শনিবার রাতে বিষয়টি স্থানীয়ভাবে নিষ্পত্তির জন্য পাকমুন্সিরহাট বাজারে উভয় পক্ষের লোকজন জড়ো হন।
রাকিব সেখানে উপস্থিত ছিলেন। বাড়িতে ফেরার পথে অন্ধকার স্থানে দুর্বৃত্তরা তার পথরোধ করে হামলা চালায়। তারা রাকিবের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে লোহার রড দিয়ে আঘাত করে। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় রাকিবকে উদ্ধার করে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ঘটনার সঙ্গে জড়িতদের নাম-পরিচয় জানা যায়নি। হত্যার কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।