রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় করা মামলায় আসামিপক্ষের আইনজীবী নিয়োগ দিয়েছে সরকার। আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ থেকে এই তথ্য জানানো হয়েছে।
সরকারি আদেশ অনুযায়ী, ঢাকা জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মুসা কালিমূল্যাহকে আসামিপক্ষের আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি রাষ্ট্রীয় খরচে এই মামলা পরিচালনা করবেন এবং বিধি মোতাবেক ভাতাদি প্রাপ্য হবেন।
মামলার অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য আগামী ১ জুন আদালতে ধার্য করা হয়েছে। তবে ঢাকা আইনজীবী সমিতি এই মামলায় আসামিদের পক্ষে আদালতে দাঁড়ানোর ঘোষণা দেয়নি।
এদিকে, মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপ-পরিদর্শক অহিদুজ্জামান ঘাতক সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দিয়েছেন। ফরেনসিক রিপোর্টে হত্যার আগে রামিসাকে ধর্ষণের প্রমাণ পাওয়া গেছে।
সিআইডি গত শনিবার তদন্তকারী কর্মকর্তার কাছে ডিএনএ রিপোর্ট হস্তান্তর করেছে। সরকার মামলার রাষ্ট্রপক্ষে আইনজীবী আজিজুর রহমান দুলুকে বিশেষ পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিয়েছে।
গত বুধবার প্রধান অভিযুক্ত সোহেল রানা আদালতে রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের দায় স্বীকার করে জবানবন্দি দেন এবং পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।