রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারের জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছে হাইকোর্ট।
আজ রোববার বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি সাইফুল ইসলামের বেঞ্চে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল এ বিষয়ে আলোচনা করেন। হাইকোর্ট বেঞ্চ পেপারবুক দ্রুত প্রস্তুত করার নির্দেশনা দিয়েছে।
অ্যাটর্নি জেনারেল জানান, শিশু ও নারী ধর্ষণ ও হত্যা মামলার ডেথ রেফারেন্স এবং জেল আপিলের শুনানিতে রাষ্ট্রপক্ষ কোনো সময় নেবে না। নিয়মিত শুনানি অনুষ্ঠিত হবে।
তিনি আরও বলেন, রামিসা হত্যাকাণ্ডে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ঘটনাটি স্বীকার করেছেন এবং হাইকোর্টের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। সোহেল নিজেকে মাদকাসক্ত দাবি করেছেন।
আইনি প্রক্রিয়া অনুযায়ী বিচার সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন রাষ্ট্রের আইন কর্মকর্তা।