খুলনায় একটি মসজিদে ঢুকে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা, যার ফলে দুই মুসল্লি আহত হয়েছেন। রবিবার (১৪ জুন) ফজরের নামাজ শেষে দৌলতপুরের ওজোপাডিকো জামে মসজিদে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নামাজ শেষে কোরআন শরিফ পাঠ করছিলেন মসজিদ কমিটির সেক্রেটারি ও ব্যবসায়ী লোকমান হাকিম এবং স্থানীয় মুসল্লি আলম শেখ। এ সময় কয়েকজন সশস্ত্র ব্যক্তি মসজিদে প্রবেশ করে এবং তাদের গুলিবিদ্ধ করে।
আহত লোকমান ও আলমকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য লোকমানকে ঢাকায় স্থানান্তর করা হয়।
এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। কর্মকর্তারা জানান, জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের জন্য কাজ চলছে।