খুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে জেলা পুলিশ প্রশাসন রাতে পুলিশ সদস্যদের একা চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। এই নির্দেশনা গতকাল শুক্রবার রাতে জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) পুলিশ সুপার স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে প্রকাশ করা হয়।
চিঠিতে জানানো হয়, রূপসা, তেরখাদা, দিঘলিয়া ও বটিয়াঘাটা থানায় চলমান বিশেষ অভিযান এবং পুলিশের ওপর হামলার ঘটনা বিবেচনায় সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি হয়ে পড়েছে। ইউনিট ইনচার্জদের নির্দেশ দেওয়া হয়েছে, বিশেষ অভিযানসহ অন্যান্য দায়িত্ব পালনের সময় সদস্যরা যেন একা না চলাচল করেন।
পুলিশ সুপার সরকার ওমর ফারুক জানান, বৃহস্পতিবার গভীর রাতে রূপসা থানায় বিশেষ অভিযান শেষে ফেরার পথে এক পুলিশ পরিদর্শক ছিনতাইকারীদের হামলার শিকার হন। হামলার সময় তিনি সাদা পোশাকে ছিলেন এবং গুরুতর আহত হন। এই ঘটনার পর সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
গত বৃহস্পতিবার রাতে খুলনা কলেজিয়েট স্কুলের সামনে ৪৩ বছর বয়সী পুলিশ পরিদর্শক শাহ আলমও ছিনতাইকারীদের ধারালো চাপাতির আঘাতে গুরুতর আহত হন। তাকে প্রথমে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ লাইন্স হাসপাতালে স্থানান্তর করা হয়।
এদিকে হামলার ঘটনায় খুলনা সদর থানায় মামলা দায়ের করা হলেও এখনও কোনো আসামি গ্রেপ্তার হয়নি। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন রিপন জানান, জেলা গোয়েন্দা পুলিশের এক এসআই বাদী হয়ে অজ্ঞাতনামা তিন ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চলছে।