কক্সবাজার থেকে ঢাকায় আসার পথে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের পেছনের একটি চাকা উড্ডয়নের পর বিচ্ছিন্ন হয়ে যায়। তবে, শনিবার (১০ অক্টোবর) স্থানীয় সময় ৩টা ১০ মিনিটে উড়োজাহাজটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।
ঘটনার পর জানা যায়, বিমানটিতে থাকা সব যাত্রী ও ক্রু নিরাপদ রয়েছেন। উড়োজাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে প্রায় আধা ঘণ্টা বন্ধ রাখা হয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট 'বিজি-৪৩৬' উড্ডয়নের পরপরই পেছনের চাকা বিচ্ছিন্ন হয়। পাইলট দ্রুত ঢাকা এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারে ইমারজেন্সি বার্তা পাঠান।
এ পরিস্থিতিতে উড়োজাহাজটিকে নিরাপদে অবতরণ করানোর প্রস্তুতি নেওয়া হয়। অবতরণের আগে জ্বালানি কমাতে উড়োজাহাজটি আকাশে চক্কর দেয় এবং প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা বিমানবন্দরে প্রস্তুত রাখা হয়।