খুলনায় ডিউটিরত পুলিশ সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে রাতের বেলা একা চলাচল না করার নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) রাতে পুলিশ সুপার ডিএসবি সাক্ষরিত একটি চিঠিতে এ নির্দেশনা প্রদান করা হয়।
যমুনা টেলিভিশন সূত্রে জানা যায়, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবির সিদ্দিকী শুভ্র চিঠির বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলেন, "এ ধরনের কোনো চিঠি ডিএসবি কার্যালয় থেকে দেওয়া হয়নি"।
শনিবার (১০ অক্টোবর) চিঠিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এর আগে, বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে খুলনা মহানগরের পশ্চিম রুপসা এলাকায় ছিনতাইয়ের শিকার হন জেলা পুলিশের পুলিশ পরিদর্শক মো. শাহ আলম।
ঘটনার সময় তিনি সাদা পোশাকে ছিলেন এবং ছিনতাইকারীরা তার কাছ থেকে মোবাইল ও টাকা ছিনিয়ে নেওয়ার সময় তাকে কুপিয়ে পালিয়ে যায়। পরে তাকে জেলা পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় এবং উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
চিঠিতে বলা হয়েছে, "চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সাম্প্রতিক সময়ের বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে রূপসা, তেরখাদা, দিঘলিয়া ও বটিয়াঘাটা থানা এলাকায় বিশেষ অভিযান চলমান রয়েছে।"
এতে আরও উল্লেখ করা হয়, "আইনশৃঙ্খলা বাহিনীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনা পরিলক্ষিত হচ্ছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় পুলিশ সদস্যদের রাত্রিকালে একাকী চলাচল না করার জন্য নির্দেশ প্রদান করা হলো।"