আইএফআইসি ব্যাংক গত ৮ অক্টোবর গৌরবময় পথচলার ৫০ বছর পূর্ণ করেছে। এ উপলক্ষে ‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ প্রতিপাদ্যে ১০ অক্টোবর রাজধানীর আইএফআইসি টাওয়ারের মাল্টিপারপাস হলে সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান মো. মেহমুদ হোসেন বলেন, দেশের ব্যাংকিং খাতে আইএফআইসি'র ৫০ বছরের পথচলা একটি গুরুত্বপূর্ণ অর্জন। তিনি উল্লেখ করেন, এই অর্জনকে ধরে রেখে সামনে এগিয়ে যাওয়াই এখন বড় চ্যালেঞ্জ।
তিনি আরও বলেন, সময়ের সঙ্গে ব্যাংকিং খাতে প্রতিযোগিতা বেড়েছে এবং গ্রাহকদের চাহিদা ও প্রত্যাশা বদলেছে। এসব পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে সুশাসন, দক্ষ ব্যবস্থাপনা ও আধুনিক ব্যাংকিং সেবার ওপর গুরুত্ব দিতে হবে।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা বলেন, "আমরা এমন এক আইএফআইসি রেখে যেতে চাই, যা আগামী পঞ্চাশ বছরেও মানুষের বিশ্বাস ও নির্ভরতার ঠিকানা হয়ে থাকবে।"
এর আগে ৮ অক্টোবর দেশের বিভিন্ন শাখা ও উপশাখাগুলোতে নানা আয়োজনের মধ্য দিয়ে সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়। এ উপলক্ষে গ্রাহক, শুভানুধ্যায়ী ও ব্যাংক কর্মকর্তাদের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালি, দিনব্যাপী বিভিন্ন কার্যক্রম ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কেক কাটার মাধ্যমে ব্যাংকটির অর্ধশতাব্দীর পথচলার এই গুরুত্বপূর্ণ মাইলফলক উদযাপন করা হয়।