শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

স্ট্যান্ডার্ড চার্টার্ডের বাংলাদেশে খুচরা ব্যাংকিং বিক্রি ঘোষণা

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশে খুচরা ব্যাংকিং ব্যবসা বিক্রির ঘোষণা দিয়েছে, প্রক্রিয়া সম্পন্ন হতে ১৮ থেকে ২৪ মাস লাগবে।

স্ট্যান্ডার্ড চার্টার্ডের বাংলাদেশে খুচরা ব্যাংকিং বিক্রি ঘোষণা

বাংলাদেশে খুচরা ব্যাংকিং ব্যবসা বিক্রি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বহুজাতিক ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক (এসসিবি)। ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়েছে, লেনদেন প্রক্রিয়া এবং নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে বিক্রির এই প্রক্রিয়া শেষ হতে আনুমানিক ১৮ থেকে ২৪ মাস সময় লাগতে পারে।

আনুষ্ঠানিক ঘোষণায় বলা হয়েছে, রিটেইল ব্যাংকিং বিক্রি হলেও বাংলাদেশে করপোরেট ও ইনভেস্টমেন্ট ব্যাংকিং কার্যক্রম অব্যাহত থাকবে। এছাড়া, ব্যাংকটি গ্রাহকদের জন্য একটি চিঠি পাঠিয়েছে, যাতে তাদের আমানত ও সেবা আগের মতোই নিরাপদ থাকবে বলে উল্লেখ করা হয়েছে।

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও Wealth এবং Retail Banking বিভাগের প্রধান লুৎফুল হাবিব গ্রাহকদের বলেন, “সময়ে সময়ে ব্যবসা বিক্রির বিষয়টি গ্রাহকদের অবহিত করা হবে।”

গ্রাহকদের দেওয়া চিঠিতে আরও বলা হয়েছে, ব্যবসা বিক্রির প্রক্রিয়া সম্পন্ন হতে ১৮ থেকে ২৪ মাস সময় লাগবে। গ্রাহকদের সেবা পেতে যেন কোনো অসুবিধা না হয়, সে জন্য প্রধান অংশীজনদের সঙ্গে সুষ্ঠুভাবে এই প্রক্রিয়া পরিচালনার জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ড প্রতিশ্রুতিবদ্ধ।

বাংলাদেশে দীর্ঘদিন ধরে করপোরেট ও প্রাতিষ্ঠানিক ব্যাংকিংয়ের পাশাপাশি রিটেইল ব্যাংকিং ব্যবসা পরিচালনা করে আসছে স্ট্যান্ডার্ড চার্টার্ড। সম্প্রতি ব্যাংকটি এই ব্যবসা বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে এবং দেশের কয়েকটি বেসরকারি ব্যাংক এ ব্যবসা কিনতে আগ্রহ প্রকাশ করেছে।

ব্যাংকটির পক্ষ থেকে বলা হয়েছে, “বাংলাদেশে নিজেদের Wealth এবং Retail Banking (ডব্লিউআরবি) ব্যবসা বিক্রির সম্ভাবনা যাচাই করছে স্ট্যান্ডার্ড চার্টার্ড।” এতে আরও উল্লেখ করা হয়েছে, গ্রাহক ও ব্যবসায়িক খাতের যেসব অংশে ব্যাংকটির বৈশ্বিক নেটওয়ার্ক, অভিজ্ঞতা ও বিশেষায়িত সেবাদানের সক্ষমতা সবচেয়ে বেশি কার্যকর ভূমিকা রাখতে পারে, সেসব ক্ষেত্রে কৌশলগত মনোযোগ বাড়ানোর অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন